ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, শেষ মুহূর্তে কেন সরে দাঁড়ালেন টাইগার পেসার?

আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, শেষ মুহূর্তে কেন সরে দাঁড়ালেন টাইগার পেসার?

আইপিএলের আসন্ন মিনি নিলামে নাম নিবন্ধন করেননি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ফলে ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি তার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম থাকলেও মোস্তাফিজের নাম নেই। বিষয়টি বিসিবির একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে ওই কর্মকর্তা জানান, ২৩ নভেম্বর ছিল নাম নিবন্ধনের শেষ সময়। মোস্তাফিজ নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করেননি। নিলামে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয়। এ ক্ষেত্রে বিসিবির কোনো ভূমিকা নেই।

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিলেও পরে স্কোয়াড থেকে বাদ দেয়। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়। একটি সূত্রের দাবি, ওই ঘটনার পর আইপিএলে খেলার বিষয়ে আগ্রহ হারিয়ে থাকতে পারেন মোস্তাফিজ। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশের ১২ ক্রিকেটার নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন। তাদের মধ্যে তাসকিন, শরিফুল, হাসান মাহমুদ ও রিশাদ উল্লেখযোগ্য।

আইপিএলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও মোস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে।