ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিএনপিতে পদত্যাগের হিড়িক, এবার একসঙ্গে সরে দাঁড়ালেন ৬ নেতা

গোপালগঞ্জে বিএনপিতে পদত্যাগের হিড়িক, এবার একসঙ্গে সরে দাঁড়ালেন ৬ নেতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তুষ্ট তারা। এ কারণে প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডেও যুক্ত থাকবেন না বলে জানান তারা।

এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও ১৩ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।