ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট, বিদ্যুৎ সরবরাহে কী প্রভাব পড়বে?

২৪ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট, বিদ্যুৎ সরবরাহে কী প্রভাব পড়বে?

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৪ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম।

আদানি পাওয়ারের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ইউনিটটি বন্ধ রাখা হচ্ছে। এ সময়ে যন্ত্রপাতি পরিদর্শন, মেরামত ও প্রতিরোধমূলক সেবা দেওয়া হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

পিডিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় আদানির কেন্দ্র থেকে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বুধবার দুপুর ১টায় সরবরাহ ছিল ৯২৭ মেগাওয়াট।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় একটি ইউনিট বন্ধ থাকলেও সরবরাহে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। এ সময়ে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াটের ইউনিটটি চালু থাকবে।

উল্লেখ্য, ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি থেকে ২০১৭ সালের চুক্তি অনুযায়ী ২৫ বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে।