ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন, কোন খাতে কত বরাদ্দ?

২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন, কোন খাতে কত বরাদ্দ?

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত চারটি এবং মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের দুটি প্রকল্প রয়েছে। এগুলোর আওতায় বিভাগীয় শহরে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং কয়েকটি জেলায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ অন্তর্ভুক্ত।

এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিনটি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দুটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পও তালিকায় রয়েছে। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি অনুমোদিত প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়।