গাজীপুরের শ্রীপুরে একাধিক পোশাক ও টেক্সটাইল কারখানায় হামলা, ভাঙচুর এবং ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে এসব ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বহিরাগত যুবক ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস, লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলের সামনে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, কারখানা বন্ধ থাকলেও একদল যুবক প্রধান ফটকে ভাঙচুরের চেষ্টা করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা আবার ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান কারখানায় ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম জানান, বহিরাগতদের তৎপরতায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পুলিশের সতর্ক অবস্থানে তারা সরে যায়। বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
