আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন।
ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়নে ভোট হবে।
আগের তালিকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। ইসির তালিকায় নাম থাকা ব্যক্তিরাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
