ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

৫২ হাজার কোটি টাকা আমানত, ঋণ বিতরণ মাত্র সাড়ে ৫ হাজার কোটি

৫২ হাজার কোটি টাকা আমানত, ঋণ বিতরণ মাত্র সাড়ে ৫ হাজার কোটি

রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকে এক বছরে আমানত বেড়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। তবে একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫০০ কোটি টাকা। আমানত ও ঋণের এই ব্যবধান নিয়ে উদ্বেগ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

১৮ নভেম্বর সচিবালয়ে সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ছয় ব্যাংকের সম্মিলিত মূলধনঘাটতি ১ লাখ ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা। গত জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ।

এদিকে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ১৭ শতাংশ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোকে মানসম্মত ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং আমানতের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে।