ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-৩ আসনে ভোট ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর

কিশোরগঞ্জ-৩ আসনে ভোট ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া আসনটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তফসিলের তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১০ জানুয়ারি।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন।