ডিসেম্বর মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, গুজব, নাশকতা ও অবৈধ তৎপরতা ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি জানান, সীমান্তে নজরদারির জন্য থার্মাল ডিভাইস, নাইট ভিশন, সার্চলাইট, ফ্ল্যাগ লাইট, ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্পর্শকাতর এলাকায় বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রয়েছে।
সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলও বাড়ানো হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, ডিসেম্বর ঘিরে সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের বাস্তব প্রতিফলন পাওয়া যায়নি।
তিনি স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানান।
