অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে অন্য পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
দেশ ট্রাভেলসের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম জানান, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা চাঁদা নেওয়া হলেও বুধবার থেকে ১৫০ টাকা দাবি করা হচ্ছে। এ কারণে চারটি পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের বাসগুলো থেকে রাজশাহী ও নাটোরে আড়াই শ টাকা করে চাঁদা আদায় করা হয়। সমিতির কার্যক্রম পরিচালনার জন্য বাসপ্রতি ১৫০ টাকা দাবি করা হয়েছে।
এ নিয়ে পরিবহন মালিকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
বাস চলাচল বন্ধ থাকায় আগাম টিকিট কাটা যাত্রীরা বিকল্প পরিবহনে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন।
