বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০০ বারের মতো বাড়িয়েছেন আদালত। দীর্ঘদিনেও তদন্ত শেষ না হওয়ায় নতুন করে প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ৩০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এ সিদ্ধান্ত নেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা জোবায়ের বিন হুদা।
পরদিন আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। এরপর প্রায় এক দশক পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।
