ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় এই সংঘাতের অবসান ঘটাতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। বুধবার (২৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে সাক্ষাৎকারের তথ্য প্রকাশ করা হয়।
সাক্ষাৎকারে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সমালোচনা করে বলেন, সামরিক অভিযান সীমিত করার উদ্যোগ যুক্তরাষ্ট্রের অর্জনকে ব্যর্থতায় পরিণত করতে পারে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং দেশটির নেতৃত্বকে নির্মূল করা হয়েছে।
জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে সামরিক অভিযান পরিচালনায় বাধা তৈরি হতে পারে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ওই সময় পর্যন্ত অভিযান চালানোর আর্থিক সক্ষমতা রয়েছে।
ইরানে সরকার পরিবর্তন তাঁর প্রধান লক্ষ্য নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই তাঁর মূল উদ্দেশ্য।
