ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ৭৪-এর দুর্ভিক্ষের সঙ্গে তুলনা রাশেদ খানের

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ৭৪-এর দুর্ভিক্ষের সঙ্গে তুলনা রাশেদ খানের

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও ভাঙচুরের কারণে পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জেলার পরিস্থিতিকে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন।

রাশেদ খান দাবি করেন, সহিংসতার কারণে রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সেবা কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

তিনি আরও উল্লেখ করেন, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সরবরাহব্যবস্থা সচল রাখাও কঠিন হয়ে পড়েছে।

পোস্টে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানায় হামলা ও অগ্নিসংযোগের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুনরায় হামলার আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কারও শুরু করা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় জনগণকে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রাশেদ খান।