ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ের বাইরে এবার নতুন চমক, সিনেমায় কোন ভূমিকায় আসছেন বুবলী?

অভিনয়ের বাইরে এবার নতুন চমক, সিনেমায় কোন ভূমিকায় আসছেন বুবলী?

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় যুক্ত হওয়ার পর এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন এই অভিনেত্রী।

পরিচালক জানিয়েছেন, গানটিতে কণ্ঠ দেওয়ার বিষয়ে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। সিনেমার কয়েকটি রিচুয়াল গানের পাশাপাশি একটি মৌলিক গানেও কণ্ঠ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এর আগে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে গান গেয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেছিলেন বুবলী।

এদিকে প্রযোজক হিসেবে তার প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে।

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। আরও রয়েছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় সিনেমাটির নতুন লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।