তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর মাসিক নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ এবং গ্রেড-৪-এ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগের তুলনায় গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। এর মধ্যে গ্রেড-১-এ ৪৩, গ্রেড-২-এ ৪০ দশমিক ১১, গ্রেড-৩-এ ৪১ দশমিক ৭০ এবং গ্রেড-৪-এ ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উপদেষ্টা জানান, নতুন মূল মজুরির পাশাপাশি শ্রমিকেরা নিয়ম অনুযায়ী ওভারটাইম ও বোনাস পাবেন। তিনি শ্রমিক-মালিকদের পারস্পরিক সহযোগিতা বজায় রেখে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানান।
