নিকো পাজের পর রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা আরেক প্রতিভাবান ফুটবলারকে জাতীয় দলে টানতে চাইছে আর্জেন্টিনা। ১৯ বছর বয়সী কার্লোস দিয়েজকে নিয়ে ইতোমধ্যে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা।
মাদ্রিদে জন্ম নেওয়া দিয়েজ মায়ের জন্মসূত্রে আর্জেন্টিনার হয়েও খেলতে পারবেন। রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের এই অধিনায়ক গত মৌসুমে করেছেন ২১ গোল। জিতেছেন উয়েফা যুব লিগসহ একাধিক শিরোপা।
আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কোচ দিয়েগো প্লাসেন্তে বেশ কিছুদিন ধরেই দিয়েজের ওপর নজর রাখছেন। নভেম্বরে তাকে অনুশীলনে যোগ দেওয়াতে চাইলেও রিয়ালের অনুমতি মেলেনি।
আগামী জানুয়ারিতে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দলে দিয়েজকে রাখতে চায় আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনও তাকে অনূর্ধ্ব-২০ দলের সম্ভাব্য তালিকায় রেখেছে। এর আগে স্পেনের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেছেন তিনি।
লুকা মদরিচকে আদর্শ মানা দিয়েজ দুই পায়েই সমান দক্ষ। আক্রমণ ও রক্ষণে পারদর্শী এই মিডফিল্ডারের পছন্দের জার্সি নম্বর ১০। শেষ পর্যন্ত তিনি কোন দেশকে বেছে নেন, সেটিই দেখার অপেক্ষা।
