ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ লাখ ৯০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে উঠে এসেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথিতে। বিবিসি রাশিয়ান জানিয়েছে, ২০২১ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এ হিসাব পাওয়া গেছে।
বেলারুশের হ্যাকার গ্রুপ সাইবার পার্টিজানস বিওয়াই ও ইউক্রেনের সাইলেন্ট ক্রো যৌথভাবে রাশিয়ার সরকারি তথ্যভান্ডার থেকে নথিগুলো সংগ্রহ করে। বিবিসি রাশিয়ান ও মিডিয়াজোনা স্বাধীনভাবে তথ্য যাচাই করে প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে মিল পেয়েছে।
নথি অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মৃত্যুর ৬৫ শতাংশ এবং ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মৃত্যুর ৫৯ শতাংশ ইউক্রেন যুদ্ধে ঘটেছে।
এ ছাড়া ইউক্রেনের ১০টি গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে নথিতে সব মৃত্যুর হিসাব নেই। বিশ্লেষকদের ধারণা, প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।
