টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বৃষ্টিবিঘ্নিত টেস্টে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের চার পেসার হলেন খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। পেসবান্ধব উইকেটের সুবিধা নিতেই তাঁদের একসঙ্গে খেলানো হয়েছে।
এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে চার পেসার খেলেছিল বাংলাদেশ। তবে তাঁদের একজন ছিলেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার।
২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নস টেস্টেও চার পেসার ছিলেন। সেবার খালেদ মাহমুদ খেলেছিলেন মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার হিসেবে।
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেও একই কৌশল নিয়েছিল বাংলাদেশ। তবে সেবারও একজন ছিলেন অলরাউন্ডার মুশফিকুর রহমান।
এবারই প্রথম কোনো অলরাউন্ডার ছাড়াই চার বিশেষজ্ঞ পেসার নিয়ে টেস্ট খেলছে বাংলাদেশ।
