বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রথম প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি করা হয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরের বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। অন্য কর্মকর্তাদের সিআইডি, স্পেশাল রেসপন্স ইউনিট, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
