ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

  শীতের আগমনে ঢাকার বাতাসে বাড়ছে বিষাক্ত কণা

  শীতের আগমনে ঢাকার বাতাসে বাড়ছে বিষাক্ত কণা

শীতের শুরুতেই রাজধানী ঢাকার বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, সড়ক খোঁড়াখুঁড়ি ও বর্জ্য পোড়ানোর কারণে ক্রমেই বাড়ছে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত বাতাস শ্বাসতন্ত্রের পাশাপাশি মানবদেহের প্রায় সব অঙ্গের ক্ষতি করতে পারে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর বায়ুমান সূচকে ৩৩৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। পরবর্তী দুই দিনও দ্বিতীয় অবস্থানে ছিল রাজধানী। এরপর দূষণ কিছুটা কমলেও পরিস্থিতি উদ্বেগজনক রয়েছে।

গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডির মতো অভিজাত এলাকাও বায়ুদূষণ থেকে রেহাই পাচ্ছে না।

পরিবেশবিদ ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, শুষ্ক আবহাওয়া ও সড়ক খোঁড়াখুঁড়ির কারণে শীতকালে দূষণ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত সড়কে পানি ছিটানোর পরামর্শ দিয়েছেন তিনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরীর মতে, বায়ুদূষণে ফুসফুসের রোগ, অ্যালার্জি, হৃদ্‌রোগ ও গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্যঝুঁকি কমাতে বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।