একই প্রজাতির মাছ, একই পদ্ধতিতে রান্না, তবু চাষের মাছের তুলনায় নদীর মাছের স্বাদ যেন একটু আলাদা। এই পার্থক্য শুধু মানুষের ধারণা নয়, এর পেছনে রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ। গবেষণা বলছে, মাছের খাদ্যাভ্যাস, বেড়ে ওঠার পরিবেশ, পানির গুণমান ও মাংসের রাসায়নিক উপাদান স্বাদ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নদীর মাছ শৈবাল, জলজ উদ্ভিদ, ছোট প্রাণী ও পোকামাকড় খেয়ে বেড়ে ওঠে। অন্যদিকে চাষের মাছ সাধারণত ভুসি, খৈল ও প্রক্রিয়াজাত খাবার খায়। খাদ্যের এই পার্থক্য মাছের শরীরে চর্বি, অ্যামিনো অ্যাসিড ও স্বাদ তৈরির রাসায়নিক উপাদানে পরিবর্তন ঘটায়।
চাষের মাছে অনেক সময় কাদার মতো গন্ধ পাওয়া যায়। এর জন্য দায়ী জিওসমিন ও ২-মিথাইলআইসোবর্নিওল নামের দুটি রাসায়নিক পদার্থ। পানিতে থাকা কিছু ব্যাকটেরিয়া ও অণুজীব এসব পদার্থ তৈরি করে। তবে নদীর মাছেও এমন গন্ধ থাকতে পারে।
নদীর মাছকে স্রোতের বিপরীতে চলাচল ও খাবারের সন্ধান করতে হয়। ফলে পেশির গঠন ও মাংসের দৃঢ়তায় চাষের মাছের সঙ্গে পার্থক্য তৈরি হতে পারে।
২০২৬ সালের ২৪ নভেম্বর প্রকাশিত এক গবেষণায় পাকিস্তানের বাহাওয়ালপুর অঞ্চলের রুই, কাতলা ও মৃগেল মাছের স্বাদ পরীক্ষা করা হয়। ১৫ জন প্রশিক্ষিত পরীক্ষকের মূল্যায়নে নদীর মাছ এগিয়ে ছিল। বিশেষ করে নদীর রুই সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। পাশাপাশি ২০০ জন ক্রেতা ও জেলের মধ্যে ৬১ শতাংশ নদীর মাছ পছন্দ করেছেন।
তবে গবেষকেরা বলছেন, সব নদীর মাছ চাষের মাছের চেয়ে সুস্বাদু হবে, এমন কোনো বৈজ্ঞানিক নিয়ম নেই। মাছের প্রজাতি, বয়স, সংরক্ষণপদ্ধতি এবং টাটকা থাকার ওপরও স্বাদ নির্ভর করে। মানুষের ব্যক্তিগত অভ্যাস, স্মৃতি ও পূর্বধারণাও স্বাদ বিচারে প্রভাব ফেলে। উন্নত পরিবেশে সঠিক খাবার দিয়ে চাষ করা মাছও সমান সুস্বাদু হতে পারে।
সূত্র: স্প্রিঙ্গার নেচার।
