এশিয়ান ফুটবলের পুরস্কার মঞ্চে এবার দুটি বিভাগেই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি এবং গ্রাসরুট ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জেতে সংস্থাটি।
গ্রাসরুট বিভাগে গত বছর ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। এবার গুয়াম ও ভারতকে পেছনে ফেলে সিলভার পুরস্কার অর্জন করে বাফুফে। ফুটবলের তৃণমূল পর্যায়ে গত দুই বছরের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
অন্যদিকে, সার্বিক কার্যক্রম, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যায়নে মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি বিভাগে লাওস ও গুয়ামকে পেছনে ফেলে বাংলাদেশ। গত বছর এ বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার পায়নি বাফুফে।
অনুষ্ঠানে বাফুফের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস। অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
এবার দুটি মনোনয়নের দুটিতেই পুরস্কার পেল বাংলাদেশ। গত বছর দুটি মনোনয়নের বিপরীতে একটি পুরস্কার জিতেছিল বাফুফে।
