কক্সবাজারের মহেশখালীতে চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। সম্পর্কে ভাই এই দুই তরুণের সঙ্গে থাকা অপর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার ইকবাল হোসেন (২৫) ও মো. শাহীন (১৮)। আহত হয়েছেন আব্দুল কাইয়ুম। নিহত ইকবাল সৌদি আরব থেকে কয়েক দিন আগে দেশে ফিরেছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তিনজন মোটরসাইকেলে রাজঘাটের দিকে যাচ্ছিলেন। পথে কুকুরকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে তারা সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত না করার বিষয়ে পরিবারের লিখিত আবেদন পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
