ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়জনের সঙ্গে হাঁটলে সম্পর্কের উন্নতি হতে পারে, ইঙ্গিত গবেষণায়

প্রিয়জনের সঙ্গে হাঁটলে সম্পর্কের উন্নতি হতে পারে, ইঙ্গিত গবেষণায়

নিয়মিত হাঁটা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতিতেও সহায়ক হতে পারে। বিভিন্ন গবেষণায় একসঙ্গে হাঁটার সঙ্গে পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ ও সম্পর্কের সন্তুষ্টির ইতিবাচক সম্পর্ক পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের ভাষায়, এ অভ্যাস ‘রিলেশনশিপ ওয়াকিং’ নামে পরিচিত। এতে সঙ্গী, সন্তান, বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটার পাশাপাশি স্বাভাবিকভাবে কথোপকথনের সুযোগ তৈরি হয়।

পায়ের স্বাস্থ্যবিশেষজ্ঞ কোর্টনি কনলি এক পডকাস্টে জানান, হাঁটার সময় সরাসরি চোখে চোখ রেখে কথা বলার চাপ কম থাকায় অনেকে সহজে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারেন।

২০১৭ সালের একটি গবেষণায় একসঙ্গে হাঁটার সময় পদক্ষেপের ছন্দে সমন্বয়ের বিষয়টি উঠে আসে। অন্যদিকে, ২০২১ সালে ২৩২ দম্পতিকে নিয়ে পরিচালিত গবেষণায় নিয়মিত হাঁটার সঙ্গে সম্পর্কের সন্তুষ্টির যোগসূত্র পাওয়া যায়।

এ ছাড়া ২০২৫ সালে প্রকাশিত গবেষণা বিশ্লেষণে প্রতিদিন সাত হাজার পদক্ষেপ হাঁটার সঙ্গে মৃত্যুঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।

তবে গবেষণায় পাওয়া সম্পর্ককে সরাসরি কারণ হিসেবে ধরে নেওয়া যায় না। সম্পর্কের উন্নতিতে নিয়মিত যোগাযোগও গুরুত্বপূর্ণ।