চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪ জন এবং বিভিন্ন পরোয়ানায় ১২১ জন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩০ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬৮ সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ৩৩ হাজার ৩১টি ইয়াবা, প্রায় নয় কেজি গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৯টি মামলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড ও ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
