ক্রিকেট ইতিহাসে ঘণ্টায় ১০০ মাইল গতির বাধা অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তবে সেই স্বীকৃতি পেতে তাঁকে পেরোতে হয়েছিল চোট, বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক এবং নানা প্রতিকূলতা। আত্মজীবনী ‘কন্ট্রোভার্শিয়ালি ইয়োরস’-এ সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
শোয়েব জানান, অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার জেফ টমসনের ঘণ্টায় ৯৯ দশমিক ৭ মাইল গতির রেকর্ড ভাঙার লক্ষ্য ছিল তাঁর। ২০০০ সালে টমসনের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি।
১৯৯৯ বিশ্বকাপে নিয়মিত ঘণ্টায় ৯৬ থেকে ৯৭ মাইল গতিতে বল করলেও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন শোয়েব। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাঁর অ্যাকশন বৈধ ঘোষণা করলে স্বস্তি ফেরে।
২০০২ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১০০ দশমিক ০৫ মাইল গতিতে বল করেন তিনি। তবে ব্যবহৃত গতিমাপক যন্ত্র নিয়ে বিতর্কের কারণে রেকর্ডটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।
এরপর অস্ট্রেলিয়ার ব্রেট লির সঙ্গে দ্রুততম বোলার হওয়ার প্রতিযোগিতা আরও আলোচনায় আসে। একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে সিরিজসেরার পুরস্কার পান শোয়েব।
অবশেষে ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে ঘণ্টায় ১৬১ দশমিক ৩ কিলোমিটার গতিতে বল করেন তিনি। ব্যাটসম্যান ছিলেন নিক নাইট।
এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পায় তাঁর কীর্তি। শোয়েবের ভাষ্য অনুযায়ী, রানআপের শেষ অংশে গতি ধরে রাখার কৌশলই তাঁকে কাঙ্ক্ষিত রেকর্ড গড়তে সাহায্য করেছিল।
তবে ব্যক্তিগত অর্জনের আনন্দের মধ্যেও পাকিস্তানের বিশ্বকাপ অভিযান ছিল হতাশাজনক। দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। শোয়েব নিজেও স্বীকার করেছেন, রেকর্ড ছাড়া ওই বিশ্বকাপে তাঁর উল্লেখযোগ্য সুখস্মৃতি ছিল না।
