যশোরে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার পরও আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড বন্ধ হয়নি। বিদেশে অবস্থান করে দলটির নেতারা দেশে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
রিজভী বলেন, বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা আইনপ্রয়োগকারী সংস্থার দায়িত্ব। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন তিনি।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় নার্গিস বেগম, অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
