লক্ষ্মীপুরের চররুহিতায় বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারকে কেন্দ্র করে দলীয় কমিটিতে অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে ৫১ সদস্যের ওয়ার্ড কমিটির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে সাংগঠনিকভাবে পদত্যাগপত্রগুলো এখনো গ্রহণ করা হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। এতে ৩১ জনের স্বাক্ষর থাকলেও উপস্থিত ছিলেন ১০ জন।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন অভিযোগ করেন, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদেই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১৩ এপ্রিল জাবেদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ৩১ অক্টোবর সেই আদেশ প্রত্যাহার করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া জানান, পদত্যাগপত্রগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
