গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সোহেল তাজ দাবি করেন, শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
তিনি অভিযোগ করেন, দলীয় কর্মসূচির মাধ্যমে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে। এমনকি নিজ দলের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনাকেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টে শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ ও দুর্নীতির অভিযোগও তোলেন সাবেক এই প্রতিমন্ত্রী।
এদিকে গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
