ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরকে সেভেন আপ দিল ব্রাজিল

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরকে সেভেন আপ দিল ব্রাজিল

জাপানের কাছে হারের তিন দিন পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রথম ২১ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। নবম মিনিটে গোলের সূচনা করেন ভিনিসিয়ুস। ১৫ মিনিটে এন্দ্রিকের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২১ মিনিটে এস্তেভাওয়ের ক্রস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

৩১ মিনিটে বক্সের বাইরে থেকে শটে ব্রাজিলের চতুর্থ গোলটি করেন এন্দ্রিক। বিরতির আগে আরও দুটি গোল করলেও ফাউল ও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে এস্তেভাওয়ের শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে ঢোকে। ৬৫ মিনিটে ষষ্ঠ গোল করেন রায়ান। ৭৪ মিনিটে অ্যালানের শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ৭-০।

৭৭ মিনিটে পেনাল্টি পেয়েছিল সিঙ্গাপুর। তবে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে কোনো গোল ছাড়াই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এর আগে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল।