কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, টুঙ্গিপাড়ায় থানা ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’। দলটির নেতাকর্মীরা থানায় হামলার পাশাপাশি সংসদ সদস্য এস এম জিলানির বাড়ি এবং বিএনপির সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।
তিনি বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কোনো নিরপরাধ মানুষ যেন প্রাণ না হারায়, সেটি নিশ্চিত করতে চায় সরকার। আওয়ামী লীগের মতো মিছিল-সমাবেশে গুলি চালিয়ে মানুষ হত্যার নীতি অনুসরণ করবে না বর্তমান সরকার।
সালাহউদ্দিন আহমদ বলেন, টুঙ্গিপাড়া থানায় পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য ছিলেন। সরকার চাইলে তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিতে পারত। তবে এতে প্রাণহানির আশঙ্কা থাকায় সে পথে যায়নি।
তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ও অডিওসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর ফেরার আশ্বাসে দেশের পলাতক নেতাকর্মীরা যেন বিপদের মুখে না পড়েন, সে বিষয়টিও তাঁদের বিবেচনা করা উচিত।
এদিকে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পমালিকদের সক্ষমতা বিবেচনায় নিয়ে সমাধান খুঁজতে হবে।
