কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কেন্দ্রীয় নেতার ভার্চুয়াল বৈঠকের কথিত অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে অগ্নিসংযোগ, হামলা ও হত্যার মতো সহিংস কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে।
সাংবাদিক জুলকারনাইন সায়ের সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে অডিওটি প্রকাশ করেন। তাঁর দাবি, গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন।
ফাঁস হওয়া অডিওতে মোজাম্মেল হককে আগামী ১৯ নভেম্বর দলের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রয়োজনে হত্যার কথাও তাঁর বক্তব্যে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে সেনাবাহিনীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করতেও শোনা যায়।
জুলকারনাইন সায়েরের দাবি, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা সেখান থেকে বাংলাদেশে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে উত্থাপন করে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
