গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা এ হামলা চালিয়েছেন। এ সময় হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এস এম জিলানী গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির সূত্রগুলো জানায়, প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়। পরে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত সংসদ সদস্যের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়ির বিভিন্ন অংশে আগুন দেওয়া এবং ভাঙচুর করা হয়।
ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে লাঠিসোঁটা হাতে একদল যুবককে বাড়িতে ভাঙচুর করতে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
এস এম জিলানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাত ১০টার পর জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিভিন্ন মাধ্যমে তিনি সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার খবর শুনেছেন।
