ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় সিজনে ফিরছে ‘ফ্যামিলি ফিউড’, থাকছে ১৫ লাখ টাকার পুরস্কার

তৃতীয় সিজনে ফিরছে ‘ফ্যামিলি ফিউড’, থাকছে ১৫ লাখ টাকার পুরস্কার

জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজনের নিবন্ধন শুরু হয়েছে। পরিবারগুলোর জন্য এবার থাকছে পরিবর্তিত প্রতিযোগিতার কাঠামো এবং ১৫ লাখ টাকার বেশি পুরস্কার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাহসান রহমান খান।

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, এবারের ফরম্যাট প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। পরিবারগুলো নিজেদের বুদ্ধিমত্তা ও দলগত দক্ষতা দেখানোর সুযোগ পাবে। কোন পরিবার চ্যাম্পিয়ন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

নতুন নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দুটি লড়বে ফাইনালের অন্য জায়গাটির জন্য। এরপর দুই পরিবারের মধ্যে হবে চূড়ান্ত প্রতিযোগিতা।

অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ পেয়েছে বলে দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

ওয়াহিদুল ইসলাম শুভ্র পরিচালিত অনুষ্ঠানটি প্রচার হবে এনটিভিতে। ডিজিটাল মাধ্যমে দেখা যাবে বঙ্গ-তে। আগ্রহী পরিবারগুলো বঙ্গের ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে নিবন্ধন করতে পারবে। বঙ্গের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজেও আবেদনসংক্রান্ত লিংক দেওয়া হয়েছে।