ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ, অনুমোদন দিল সরকার

ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ, অনুমোদন দিল সরকার

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ’ নামে নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি স্থাপনের জন্য সম্প্রতি সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান সিদ্দিকী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

নতুন মেডিক্যাল কলেজটি স্থাপনের অনুমোদন দেওয়া হলেও প্রজ্ঞাপনে এর শিক্ষা কার্যক্রম শুরুর সময়, আসনসংখ্যা, অবকাঠামো নির্মাণ, ভর্তি প্রক্রিয়া কিংবা প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে শিক্ষক নিয়োগ বা প্রশাসনিক কাঠামো নিয়ে কিছু বলা হয়নি।

সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীতে সরকারি চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে। তবে কলেজটির কার্যক্রম কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কোনো সময়সীমা জানানো হয়নি।