যুক্তরাষ্ট্রের কারাগারে জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড ছিল বলে দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ফ্রিম্যান। তবে তাঁর বিশ্লেষণ স্বাধীনভাবে যাচাই হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রিম্যান বলেন, পেছন থেকে দড়ি বা অনুরূপ বস্তু দিয়ে এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টেইনকে। যৌন পাচারের মামলায় বিচার শুরুর অপেক্ষায় ছিলেন তিনি। ময়নাতদন্তের পর নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয় তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করে।
এপস্টেইনের ভাই মার্কের কাছ থেকে পাওয়া ময়নাতদন্তের প্রতিবেদন ও ছবি বিশ্লেষণ করে ভিন্ন মত দেন ফ্রিম্যান। তাঁর মতে, এপস্টেইনের বাম কাঁধে রক্তক্ষরণ, মুখে আঘাত এবং গলায় দড়ির দাগের ওপর আঁচড়ের মতো চিহ্ন ছিল। শ্বাসরোধের সময় দড়ি সরানোর চেষ্টায় এসব চিহ্ন তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা তাঁর।
তবে ফ্রিম্যান নিজে মরদেহ পরীক্ষা করেননি। তাঁর বিশ্লেষণ স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই হয়নি। এপস্টেইনের ময়নাতদন্তকারী চিকিৎসক তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করেন।
