গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও একাধিক গাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর এ তাণ্ডব চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ দলটির কয়েকজনকে পুলিশ আটক করেছে—এমন খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে থানা ঘেরাও ও অগ্নিসংযোগ করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের থানা চত্বরে থাকা অন্তত তিনটি গাড়িতে আগুন দিতে দেখা গেছে।
পুলিশ সদর দপ্তর থানায় হামলা ও যানবাহনে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকার কয়েকটি বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। তবে চরম নিরাপত্তাহীনতার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
