গোপালগঞ্জে ১৯ নভেম্বর অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনা রয়েছে বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান উদ্যোগ পর্যাপ্ত নয়। জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি ছাড়া আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, ১৯ নভেম্বর কোথায় এবং কার বাড়িতে আগুন দেওয়া হবে, সে বিষয়ে তাঁদের কাছে তথ্য রয়েছে। এ ধরনের পরিকল্পনা সরকারের জানা না থাকলে তা ভালো। তবে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
