নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড জাতীয় দলের হয়ে প্রথম ৬০ ম্যাচে ৬৬ গোল করে অনন্য কীর্তি গড়েছেন। একই সঙ্গে পাঁচ দশকের বেশি সময় ধরে অক্ষত থাকা জার্মান কিংবদন্তি গার্ড মুলারের একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উয়েফা নেশনস লিগে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। ওসলোতে উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হালান্ড। এর আগে আন্তোনিও নুসার সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বল বাড়িয়ে দেন আন্দ্রেয়াস শেলডেরুপকে। বক্সের ভেতর থেকে বল জালে পাঠিয়ে গোল করেন শেলডেরুপ।
ওয়েলসের বিপক্ষে গোলের পর নরওয়ের জার্সিতে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬৬। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে মাত্র ৬০ ম্যাচে এ মাইলফলক স্পর্শ করেছেন। অর্থাৎ জাতীয় দলের হয়ে তাঁর গোলের গড় ম্যাচপ্রতি ১.১।
চ্যাম্পিয়নস লিগ ও জাতীয় দলের হয়ে অন্তত ২০টি করে গোল করা খেলোয়াড়দের মধ্যে গোলের গড়েও সবার ওপরে রয়েছেন হালান্ড। তাঁর এই পরিসংখ্যান তাঁকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের সঙ্গে তুলনার আলোচনায় নতুন মাত্রা দিয়েছে।
