ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরে নিহত ৩৩ জনের গণকবর ঝোপে ঢাকা, ১৯ বছরেও নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ

সিডরে নিহত ৩৩ জনের গণকবর ঝোপে ঢাকা, ১৯ বছরেও নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের গণকবরটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। ঝোপ-জঙ্গলে ঢেকে গেছে কবরস্থানটি। প্রতিবছর রক্ষণাবেক্ষণের কথা বলা হলেও বাস্তবে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। স্থানীয়দের দাবি, গণকবরটি সংরক্ষণের পাশাপাশি সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক।

বরগুনা-চান্দখালী-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কের পাশে উপজেলার চরখালী খান বাড়ির পুকুরপাড়ের উঁচু জায়গায় সারিবদ্ধভাবে ৩৩ জনের মরদেহ দাফন করা হয়েছিল। বর্তমানে কবরগুলোর চিহ্নও প্রায় হারিয়ে গেছে। প্রশাসনের উদ্যোগে তিন দিকে সীমানাপ্রাচীর নির্মাণ করা হলেও বাকি কাজ অসম্পূর্ণ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল মালেক জানান, গণকবরের তিন দিকে সীমানাপ্রাচীর রয়েছে। পশ্চিম পাশে পুকুর। পুকুরপাড়েই মরদেহগুলো দাফন করা হয়েছিল। একাংশে পিলার নির্মাণ করা হলেও বাকি কাজ এখনো শেষ হয়নি।

২০০৭ সালের ১৪ নভেম্বর দিবাগত রাতে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। মির্জাগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চরখালী গ্রাম। পায়রা নদীর তীরবর্তী এ গ্রামে সিডরের পরদিন প্রায় অর্ধশত মানুষের মরদেহ পাওয়া যায়। তখন এলাকাটি পানিতে ডুবে থাকায় মরদেহ দাফনের জন্য উপযুক্ত জায়গা পাওয়া কঠিন ছিল। পরে খান বাড়ির পুকুরসংলগ্ন উঁচু স্থানে ৩৩ জনকে দাফন করা হয়। ওই ঝড়ে চরখালী গ্রামে ৪৫ জনের মৃত্যু হয়।

সুবিদখালী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল সেদিন বিদ্যালয়ের আশপাশের লোকজনকে ভবনে আশ্রয় দিতে সক্ষম হলেও গাছচাপায় তাঁর মৃত্যু হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, গণকবরটি রক্ষণাবেক্ষণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।