২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব খাতে শৃঙ্খলা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায়, দুর্বল রাজস্ব আহরণ এবং সীমিত আর্থিক সক্ষমতা দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই সরকারের নেওয়া প্রতিটি ঋণ যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনকল্যাণে কার্যকর অবদান রাখে, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়; বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখান থেকে অর্থায়নের সুযোগ কাজে লাগানো। প্রচলিত অর্থায়নের পাশাপাশি সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো উদ্ভাবনী পদ্ধতি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে ১৫ ও ১৬ নভেম্বর ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বলেন, ঋণ গ্রহণের সক্ষমতা বিবেচনায় রেখে বাংলাদেশকে ডলারভিত্তিক ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ খতিয়ে দেখা উচিত। জেপি মরগ্যানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচকে বাংলাদেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক বাজারে দেশের বন্ডের পরিচিতি বাড়াতে পারে। তবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনীতির শক্তিশালী ভিত্তি, স্বচ্ছ লেনদেন ব্যবস্থা এবং বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার নির্ভরযোগ্য সুযোগ নিশ্চিত করতে হবে।
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে সরকারি অর্থায়ন আরও পূর্বানুমানযোগ্য ও স্বচ্ছ করতে বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং ঋণ পরিশোধের দায়সংক্রান্ত তথ্য প্রকাশের ব্যবস্থাও উন্নত করা হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৮-২৯ অর্থবছরে টাকার অঙ্কে বাংলাদেশের বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের পরিমাণ দ্বিগুণের বেশি হতে পারে। তবে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত সরকারি ঋণ ও জিডিপির অনুপাত প্রায় একই পর্যায়ে থাকার পূর্বাভাস রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষে এ অনুপাত ছিল ৩৯ শতাংশের নিচে।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় উন্নয়ন ব্যয়ের ওপর চাপ তৈরি হচ্ছে এবং অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে জিডিপির ২ দশমিক ৩ শতাংশের সমপরিমাণ ঋণ পরিশোধ ব্যয় ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ৩ শতাংশে দাঁড়িয়েছে।
তিনি সরকারি গ্যারান্টিসহ সব ধরনের সরকারি ঋণের তথ্য আরও বিস্তারিতভাবে প্রকাশ, অভ্যন্তরীণ বন্ডবাজারের গভীরতা বৃদ্ধি এবং প্রকল্প মূল্যায়ন ও সরকারি ক্রয়প্রক্রিয়া শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন এডিবির পরামর্শক ও আইএমএফের সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন। তিনি সরকারি ঋণ, উৎপাদনশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন। অতিরিক্ত ঋণ আর্থিক স্থিতিশীলতা দুর্বল করতে এবং বেসরকারি বিনিয়োগের সুযোগ সংকুচিত করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
