ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেফতার এসপির কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

গ্রেফতার এসপির কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত। বাহিনী এর দায় নেবে না। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএমপি কমিশনার জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এরপর এসপি জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার জাহাংগীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও করবে এই ইউনিট। নিয়ম অনুযায়ী তাঁকে আদালতে হাজির করা হবে।

মামলার অভিযোগ সম্পর্কে শওকত আলী বলেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ সম্পৃক্ত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।