পটুয়াখালী সদর উপজেলায় জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা হারুন মোল্লা (৪৫) ও তাঁর স্ত্রী মরিয়ম (৪০) আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে পটুয়াখালী সেতুর উত্তর পাশে খলিশাখালী পাওয়ার প্ল্যান্টসংলগ্ন সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এলাকার আজাহার গাজীর ছেলে। আহত হারুন মোল্লা গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের ইউনূছ মোল্লার ছেলে। তাঁর স্ত্রী মরিয়মও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঘরের মালামাল নিয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সকাল সোয়া ৬টার দিকে পটুয়াখালী সেতুর উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। চালক চান মিয়া গুরুতর আহত হন। আহত হন পিকআপে থাকা হারুন মোল্লা ও তাঁর স্ত্রীও।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হারুন মোল্লা ও মরিয়ম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটুয়াখালী হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা রবিউল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে পাশের একটি ফিলিং স্টেশনে রাখা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।
