কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি কোনো কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে বিষয়ে ব্যবস্থা নেবে।
রোববার (১৫ নভেম্বর) সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে, যাতে আওয়ামী লীগ আর কোনো বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। এ বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সতর্ক ও সজাগ রয়েছেন।
তিনি বলেন, সব চক্রান্তকারীর বিষয়ে সরকার সতর্ক রয়েছে। চট্টগ্রামের ওই পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে।
রিজভীর অভিযোগ, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে অরাজকতা ও নাশকতা চালাচ্ছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, কোথাও গাড়িতে আগুন দিচ্ছে। পোশাকশিল্পেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
শেখ হাসিনার অনুসারীরা দেশের ভেতরে ও বাইরে থেকে এসব কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। রিজভীর দাবি, তাদের মালিকানাধীন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে আসতে বাধা দেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন।
চিহ্নিত দুষ্কৃতকারীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলে দেশের স্বার্থ বিসর্জন দিতেও দ্বিধা করছে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
