যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। চলতি মৌসুমে জেলায় অন্তত ১০০ কোটি টাকার খেজুরের রস, গুড় ও পাটালি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ মৌসুমে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চৌগাছায় খেজুর গুড় উৎপাদনের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরোনো। ১৭৯০ সালে এ গুড়ের বাণিজ্যিক উৎপাদন ও তা থেকে চিনি তৈরির প্রচলন শুরু হয়। পরে আখ থেকে চিনি উৎপাদন বাড়ায় খেজুর গুড় থেকে চিনি তৈরির ঐতিহ্য হারিয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে আখের উৎপাদন কমে যাওয়ায় খেজুর গুড়ের চাহিদা আবার বেড়েছে।
কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, চৌগাছার খেজুর গুড় একটি জিআই পণ্য। শীত মৌসুমে এ অঞ্চলের হাজারো নারী-পুরুষের কর্মসংস্থান হয়। মধ্যপ্রাচ্যে এ গুড়ের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গুড় রপ্তানির উদ্যোগ নিচ্ছে। রপ্তানি শুরু হলে গাছিরা আরও লাভবান হবেন।
পাতিবিলা ইউনিয়নের হয়াতপুর গ্রামের গাছি গাজী আব্দুর রহমান জানান, বিশেষ পদ্ধতিতে তৈরি তাঁর সাদা গুড়ের পাটালি প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। তিনি এ পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
স্বরুপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামের গাছি আনোয়ার হোসেন আনার এ বছর প্রায় ৯০টি গাছ থেকে রস সংগ্রহ করছেন। শুরুতেই নলেন গুড়ের পাটালির অর্ডার পাওয়ায় ভালো আয়ের আশা করছেন তিনি। খড়িঞ্চা গ্রামের গাছি আশাদুল ইসলাম মণ্ডল বলেন, একটি খেজুরগাছ থেকে প্রতি মৌসুমে অন্তত তিন হাজার টাকার রস ও গুড় পাওয়া সম্ভব। তাঁর মতে, বৃহত্তর যশোর অঞ্চলে খেজুরের রস ও গুড়কে শিল্প হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন জানান, উপজেলায় প্রায় দুই লাখ খেজুরগাছ রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা যায়। একটি গাছ থেকে মৌসুমে ৮০ থেকে ৯০ লিটার রস পাওয়া যায়, যা থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন সম্ভব। তাঁর হিসাবে, উপজেলায় প্রতি মৌসুমে প্রায় ১০ কোটি টাকার গুড় উৎপাদিত হয়। আর পুরো যশোর জেলায় চলতি মৌসুমে উৎপাদনের সম্ভাবনা অন্তত ১০০ কোটি টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম জানান, গাছিদের সহযোগিতা করছে উপজেলা প্রশাসন। খেজুর গুড়ের পরিচিতি ও বাজার সম্প্রসারণে প্রতিবছরের মতো এবারও গাছিদের অংশগ্রহণে গুড় মেলার আয়োজন করা হবে।
