বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি জানানো হয়। তবে হামলায় স্থাপনাটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানানো হয়নি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে একাধিকবার সতর্কবার্তা দেয়। তবে হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালী এখনো বন্ধ রয়েছে। এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে তারা।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও ধ্বংসাত্মক হবে।’
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ওয়াশিংটন ও তেহরানের আলোচনার অন্যতম প্রধান ইস্যু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে আলোচনা থমকে যাওয়ার পর আবারও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে লড়াই শুরু হয়। এর আগে জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারকেও সই করেছিল।
