রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে ভাড়া নিয়ে ওই দুই যুবকের সঙ্গে সুপারভাইজারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুপারভাইজার তাঁদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় নৈশকোচসহ সুপারভাইজার শফিকুল ইসলাম ও চালক আব্দুল আজিজকে আটক করা হয়েছে। তাঁরা পুলিশের হেফাজতে রয়েছেন।
