ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফ হাসানের নেতৃত্বে রাইজিং স্টার্স এশিয়া কাপের দল, ফিরলেন সাব্বির

সাইফ হাসানের নেতৃত্বে রাইজিং স্টার্স এশিয়া কাপের দল, ফিরলেন সাব্বির

কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৫ নভেম্বর) ঘোষিত দলের অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাব্বির রহমান।

ঘোষিত দলের আট ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়ক সাইফ হাসান ছাড়াও এ তালিকায় রয়েছেন শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। বাংলাদেশ ‘এ’ দল খেলবে ‘বি’ গ্রুপে। ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা।

গ্রুপ পর্ব পেরোতে পারলে ২৬ অথবা ২৭ নভেম্বর সেমিফাইনালে খেলবে সাইফের দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।

বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।