বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) দলের সংখ্যা বাড়ানোর আলোচনা থাকলেও আপাতত বর্তমান কাঠামোই বহাল রাখছে আইসিসি। ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী দুটি চক্রে নয়টি দল নিয়েই প্রতিযোগিতা আয়োজনের সুপারিশ করেছে সংস্থাটি।
রোববার ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ২০২৭-২৯ ও ২০২৯-৩১ চক্রে ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠলেও বাণিজ্যিক সুবিধা নিয়ে সংশয় রয়েছে সদস্যদের মধ্যে।
বর্তমানে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান ডব্লিউটিসির বাইরে রয়েছে। দল বাড়ানোর পক্ষে দেশ তিনটি অবস্থান নিয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও সম্প্রসারণের পক্ষে। তবে ইংল্যান্ডসহ কয়েকটি বোর্ডের অনাগ্রহ রয়েছে। শেষ মুহূর্তে সমঝোতা হলে দলসংখ্যা ১০ হতে পারে, যদিও সম্ভাবনা ক্ষীণ।
