ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুই ফ্যাসিস্ট, চুপ!’—এফডিসিতে জয়কে ঘিরে হেলাল খানের ক্ষোভ

‘তুই ফ্যাসিস্ট, চুপ!’—এফডিসিতে জয়কে ঘিরে হেলাল খানের ক্ষোভ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ও জাসাসের আহ্বায়ক হেলাল খান। রোববার এফডিসিতে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। এ নিয়ে কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এফডিসির প্রধান ফটকের সামনে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেন হেলাল খানসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে উপস্থিত থাকলেও কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয়দের কাছে কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণ জানতে চান হেলাল খান। এ সময় জয় ব্যাখ্যা দিতে গেলে ক্ষুব্ধ হয়ে তাঁকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেন হেলাল। একপর্যায়ে তাঁকে চুপ করতেও বলেন।

পরে জয় চৌধুরী জানান, বিষয়টি ভুল–বোঝাবুঝি থেকে হয়েছে। তাঁর ভাষ্য, চিত্রনায়ক ডি এ তায়েবের জন্মদিনে কেক কাটতে আসা কয়েকজন ভক্ত সেখানে অপেক্ষা করছিলেন। তাঁদের উপস্থিতি নিয়ে হেলাল খান ভুল বুঝেছেন।

উল্লেখ্য, চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের আহ্বায়ক হেলাল খান এবং মুখপাত্র জয় চৌধুরী।